চেক-কার্ড ছাড়াই ছুটির দিনেও পাওয়া যাবে ডাচ-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১১ অক্টোবর, ২০২৬, ০৭:৪৪ পিএম
চেক-কার্ড ছাড়াই ছুটির দিনেও পাওয়া যাবে ডাচ-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা

চেক ও কার্ড ছাড়াই ছুটির দিনেও ডাচ্‌-বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং এজেন্টের মাধ্যমে ব্যাংকিং সেবা পাওয়া যাবে। এমনকি শুধু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই লেনদেন করার সুযোগ থাকছে। গ্রাহকদের সহজ ও আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে এ উদ্যোগের কথা জানিয়েছেন ডাচ্‌-বাংলা ব্যাংকের সিলেটের সিনিয়র এরিয়া ম্যানেজার মোহাম্মদ সবদার আলী।

রোববার (১১ অক্টোবর) সিলেটের কাকলি শপিং সেন্টারের গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত পিসি সফট সেন্টারে ডাচ্‌-বাংলা ব্যাংক অনলাইন ব্যাংকিং এজেন্টের উদ্যোগে আয়োজিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সবদার আলী বলেন, গ্রাহকরা যাতে সহজে ও সুবিধাজনকভাবে ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে ডাচ্‌-বাংলা ব্যাংক অনলাইন ব্যাংকিং এজেন্টের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। চেক ও কার্ডের ওপর নির্ভরশীলতা ছাড়াই ছুটির দিনেও ব্যাংকিং সেবা পাওয়ার সুযোগ গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা বয়ে আনবে। এ ছাড়া শুধু ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেই লেনদেন করা সম্ভব হবে।

পিসি সফট সেন্টারের স্বত্বাধিকারী আবু হেনা চৌধুরী সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন যুব সংগঠক এহসানুল হক তাহের, সাংবাদিক মুনশী ইকবাল, ইফতেখার হোসেন মুনির, আবু আইয়ুব আনসারী, মাহবুব হোসেন ও দাউদ চৌধুরী, রিপন প্রমুখ।

সমাবেশে ব্যাংকিং সেবার প্রসার, গ্রাহকসেবা সহজীকরণ এবং এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ডাচ্‌-বাংলা ব্যাংক অনলাইন ব্যাংকিং এজেন্টের গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে