কুষ্টিয়ার দৌলতপুর ও গাংনী সীমান্তে সার্বভৌমত্ব রক্ষা অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ অক্টোবর শুক্রবার আনুমানিক ৩ঘটিকায় কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ মেহেরপুর গাংনী উপজেলায় অবস্থিত শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৪৪/৪-এস এর নিকট প্রতিপক্ষ ১১ ব্যাটালিয়ন বিএসএফ-এর বিজয় মাঠপাড়া ক্যাম্প কর্তৃক ৪ জন (পুরুষ-২, মহিলা-১ ও শিশু-১) অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করা হয়।
গোয়েন্দা তথ্য ও সীমান্তে নিয়োজিত টহল দলের সতর্ক অবস্থানের ফলে বিষয়টি দ্রুত শনাক্ত করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে শেওড়াতলা বিওপির বিজিবি টহল দল স্থানীয় জনসাধারণের সহযোগিতায় বিএসএফ এর অবৈধ পুশ-ইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করে। ফলে বিএসএফ এর এ ধরনের অনাকাঙ্ক্ষিত প্রচেষ্টা ব্যর্থ হয়।
ঘটনার পর বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ এর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রমও রয়েছে। এছাড়াও, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইন প্রচেষ্টা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। উল্লেখ্য পরে শুক্রবার আনুমানিক ৬ ঘটিকায় ১০৪ নম্বর গেট দিয়ে বিজয় মাঠপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা উক্ত ৪ জন নাগরিককে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিশেষ সুত্রে জানা যায় উক্ত নাগরিকরা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে অবস্থান করছে।