হংকং সিক্সেসের জন্য দল ঘোষণা দিলো পাকিস্তান

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ০৬:১৩ এএম
হংকং সিক্সেসের জন্য দল ঘোষণা দিলো পাকিস্তান

হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। মোহাম্মদ আব্বাস আফ্রিদির নেতৃত্বে এই টুর্নামেন্টে খেলবে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭ সদস্যের স্কোয়াডে আছেন সদ্যসমাপ্ত এশিয়ান গেমসের দলে থাকা ক্রিকেটাররাও। সিক্স এ সাইড ফরম্যাটের এই টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। আব্বাস আফ্রিদির নেতৃত্বে পাকিস্তানের স্কোয়াডে আছেন এশিয়ান গেমসে পাকিস্তানের হয়ে রৌপ্য পদক জেতা দলের আহমেদ দানিয়েল, সাদ মাসুদ, আবদুল সামাদরা। দলে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন খাজা নাফে। এছাড়াও পাকিস্তানের দলে আছেন মোহাম্মদ শাহজাদ ও মোহাম্মদ ইরফান খান। পাকিস্তানের হয়ে ২৪টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ৩৮ উইকেট শিকার করেছেন আব্বাস আফ্রিদি। ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে খাজা নাফের। পাকিস্তান সুপার লিগে দারুণ পারফর্ম করেছিলেন আবদুল সামাদ, আহমেদ দানিয়েলরা। সবমিলিয়ে শিরোপা ধরে রাখার মিশনে বেশ শক্ত দল গঠন করেছে পাকিস্তান। আগামী ৩০ অক্টোবর থেকে হংকংয়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। ১ নভেম্বর পর্যন্ত তিনদিনের ক্রিকেট উৎসবে অংশ বাংলাদেশ-ভারতসহ ১২ দেশ। হংকংয়ের টিন কেয়ং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্ট ১২ দল চার গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে। গ্রুপ ‘সি’ তে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের সাথে রয়েছে পাকিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। ২০২৫ সালে হংকং সিক্সেস টুর্নামেন্টের ফাইনালে কুয়েতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। 

পাকিস্তান দল-

মোহাম্মদ আব্বাস আফ্রিদি(অধিনায়ক), সাদ মাসুদ, খাজা নাফে(উইকেটরক্ষক), আহমেদ দানিয়েল, মোহাম্মদ ইরফান খান, আবদুল সামাদ, মোহাম্মদ শাহজাদ।