বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি সদস্য মো. হাবিবুর রহমান রিপন। এ লক্ষ্যে শুক্রবার বিকেলে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এলাকাবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। বৈঠকে বিপুলসংখ্যক স্থানীয় মানুষের উপস্থিতি দেখা যায়। শুক্রবার বিকেল ৪টায় জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঁপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান হাওলাদারের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হাবিবুর রহমান রিপন।
বৈঠকে রিপন বলেন, তিনি এর আগে ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে ভূমিকা রাখা এবং সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভবিষ্যতেও জনসেবায় যুক্ত থাকতে চান তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়নের উন্নয়ন এবং মানুষের সেবায় কাজ করতে চাই। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে তিনি স্থানীয় মানুষের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিচ্ছেন বলেও জানান। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ সিদ্দিক বেপারী, কৃষক দল নেতা মো. রহিম হাওলাদার, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হাকিম, মহিলা দল নেত্রী শিউলি বেগম ও আসমা আক্তার, লাইজু বেগম এবং ব্যবসায়ী ফোরকান হোসেন প্যাদাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা।