মাওলানা এটিএম মা’ছুম

গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো টালবাহানা জনগণ বরদাস্ত করবে না

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৬, ০৬:৩১ পিএম
গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো টালবাহানা জনগণ বরদাস্ত করবে না

বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৯ অক্টোবর, শুক্রবার, দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মা'ছুম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, অঞ্চলের টীম সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত ও জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে সকল সেক্টরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়নে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে। দেশের জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দাবি আদায়ে জাতীয় সংসদে ও রাজপথে সোচ্চার ভূমিকা রাখবে।

প্রধান অতিথি মাওলানা এটিএম মা'ছুম আরও বলেন, শপথের জনশক্তি রুকনদের কুরআন অধ্যয়ন, হাদীস অধ্যয়ন সহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের অধিকার আদায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে যথাযথ প্রস্তুতি ও গণসংযোগ বাড়াতে হবে।

তিনি বলেন, দেশের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে।

আপনার জেলার সংবাদ পড়তে