কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৬, ০৭:৫৪ পিএম
কুড়িগ্রামের রাজারহাটে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের কঠোর প্রস্তুতি

কুড়িগ্রামের রাজারহাটে শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পূজাম-পগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, অগ্নিনিরাপত্তা, বিদ্যুৎ ব্যবস্থা, সড়ক যোগাযোগ ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।

সভায় বক্তব্য রাখেন-রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুশীল সরকার, সদস্য সচিব সুমন কুমার রায়সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় উপজেলার ১১২টি পূজা ম-পের সভাপতি ও সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আগামী ১৬অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা শুরু হবে। আর এই দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়। এটি দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিরও একটি বড় উদাহরণ। তাই পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। পূজাম-পে শৃঙ্খলা বজায় রাখা, সন্দেহজনক কোনো বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা এবং গুজব এড়িয়ে চলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ম-পগুলোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশাসনের পক্ষ থেকে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বিশেষ করে ম-পে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, বৈদ্যুতিক সংযোগের নিরাপত্তা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং যানবাহন নিয়ন্ত্রণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পূজা কমিটিগুলোকে সার্বক্ষণিক সমন্বয় রাখার আহ্বান জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, এবারে সর্বশেষ ১১২টি পূজা ম-পে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ধর্মীয় উৎসবকে ঘিরে রাজারহাটের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে