মেহেরপুরের গাংনীর একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বিড়াল উদ্ধার করেছে স্থানীয়রা। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বামন্দী ইউনিয়নের মাঝের গ্রামের একটি কবরের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, কয়েকজন কৃষক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনটি মেছো বিড়ালকে খেলতে দেখেন।পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ছুটে আসে।মেছো বিড়ালগুলো সম্ভবত আশপাশের কোনো ঝোপঝাড় বা গর্ত থেকে বেরিয়ে এসে কবরস্থানের পাশে অবস্থান করছিল।পরে বন বিভাগকে খবর দেওয়া হয়।বন বিভাগের একটি টিম সেখানে আসে।
সচেতন মহল মনে করেন, মেছো বিড়াল গুলোকে এখানে রাখা নিরাপদ নয়।যেকোনো হিংস্র প্রাণী রাতে তাদের মেরে ফেলতে পারে।এগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া উচিত ছিল।
বামন্দী ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: আইনুদ্দিন বলেন, গাংনী উপজেলার মোন্দা মাঝের গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে তিনটি মেছো বিড়াল উদ্ধার করে স্থানীয়রা।সেগুলো সেখানে রেখেছে। রাতে মা মেছো বিড়ালটি যদি তার বাচ্চাগুলো নিয়ে যাই তাহলে ভালো।আর না নিয়ে গেলে বন বিভাগের কর্মকর্তারা নিয়ে যাবেন বলে জানতে পেরেছি।
মেহেরপুর জেলা বনবিভাগ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিম হায়দার বলেন, তিনটি মেছো বিড়াল উদ্ধারের খবর পেয়ে আমাদের বন বিভাগের একটি টিম সেখানে গিয়েছে।মেছো বিড়ালের বাচ্চাগুলো সেখানে রাখা হয়েছে যাতে রাতের কোন এক সময় মা মেছে বিড়ালের বাচ্চাগুলো নিয়ে যায়।আর যদি না নিয়ে যায় তাহলে বাচ্চাগুলো আগামীকাল শুক্রবার সকালে বন বিভাগের হেফাজতে নেওয়া হবে।