কুড়িগ্রামে শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উপলক্ষে জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে শিশুদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ)এর আয়োজনে এবং জেলা প্রশাসন ও এসওএস পরিবারের শক্তিশালীকরণ কর্মসূচি, কুড়িগ্রামের সহযোগিতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। এসময় কুড়িগ্রাম জেলা এনসিটিএফ’র সাধারণ সম্পাদক সংগ্রামী সাফিয়া বরণের সভাপতিত্বে রেজওয়ানুল হক নুরনবীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ খুদা, নাজির হোসেন, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সাবেক সিনিয়র শিক্ষক গোলাম মোস্তফা, ফ্রেন্ডশিপের এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, এসওএস পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি কুড়িগ্রামের প্রজেক্ট কো-অর্ডিনেটর মকলেছুর রহমান প্রমুখ। এছাড়া এসময় শিক্ষক, শিক্ষার্থী, এনজিও ও যুব সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় কুড়িগ্রাম জেলার শিশুদের বর্তমান পরিস্থিতি, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা, যৌন হয়রানি, শিক্ষা থেকে ঝরে পড়া, পানিতে ডুবে শিশুমৃত্যু, দুর্যোগ ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় এনসিটিএফের শিশু প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের আলোকে জেলার শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরেন। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর প্রতি সহিংসতা বন্ধ, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগপ্রবণ এলাকার শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেন তারা। সভায় শিশুদের বক্তব্য ও সুপারিশ গুরুত্বের সঙ্গে শোনেন প্রশাসনের প্রতিনিধি, শিশু অধিকারকর্মী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনরা।
বক্তারা বলেন, শিশুদের নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং শিশুদের জন্য নিরাপদ, বৈষম্যহীন ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। শিশুদের অধিকার রক্ষায় পরিবার, সমাজ, প্রশাসন ও সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সভায় শিশুদের কণ্ঠকে গুরুত্ব দিয়ে তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।