টেকনাফ থেকে চাঁদপুর

২২ হাজারের পর মিলল আড়াই হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০৭:৪৬ পিএম
২২ হাজারের পর মিলল আড়াই হাজার ইয়াবা, কারবারি গ্রেপ্তার

পদ্মা-মেঘনা বিধৌত চাঁদপুর জেলাকে মাদকের ট্রানজিট পয়েন্ট ও সেফ জোন হিসেবে গড়ে তোলা এক চক্রের বড় ধরনের সিন্ডিকেট উন্মোচিত হয়েছে। শহরের বড় স্টেশন রেলওয়ে কলোনীতে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযানে ২,৫০০ পিস ইয়াবা, নগদ ৭০ হাজার টাকা ও মাদক সেবনের সরঞ্জামসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এর ২৪ ঘণ্টার ব্যবধানে একই সিন্ডিকেটের ২২,৫০০ পিস ইয়াবা বাজেয়াপ্ত করল যৌথ বাহিনী। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), কোস্টগার্ড ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানসূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আব্দুর রহিম বড় স্টেশন রেলওয়ে কলোনীর বাসিন্দা আবুল কালামের ছেলে। তার বিরুদ্ধে ২০২১ ও ২০২৩ সালেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। বুধবারের অভিযানে রহিমের আস্তানা থেকে আড়াই হাজার ইয়াবা ও নগদ টাকা উদ্ধারের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ফারহান রানা ও জয় পালিয়ে যেতে সক্ষম হয়। এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এই সিন্ডিকেটের অন্যতম মূলহোতা ফারহান রানার বসতবাড়িতে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবার একটি বিশাল চালান উদ্ধার করা হয়েছিল। পরপর দুদিনের এই টানা অভিযানে কলোনী কেন্দ্রিক মাদকের একটি শক্তিশালী নেটওয়ার্ক ধরা পড়ল বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে স্থানীয় অধিবাসীদের অভিযোগ, আব্দুর রহিম ও তার চক্রটি দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদকের সম্রাজ্য চালিয়ে আসছিল। স্থানীয়দের দাবি, চিহ্নিত এই কারবারিদের ব্যবহৃত মোবাইল কল রেকর্ড ও পারাপারের তথ্য বিস্তারিত বিশ্লেষণ করলেই থলের বিড়াল বেরিয়ে আসবে এবং এদের পেছনে থাকা প্রভাবশালী মদদদাতাদের মুখোশ উন্মোচিত হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান জানান, "পলাতক রানা, জয় এবং আটক রহিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে। সীমান্ত এলাকা থেকে শুরু করে শহরের গলি পর্যন্ত বিস্তৃত এ ধরনের মাদকের সিন্ডিকেট পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের যৌথ অভিযান অব্যাহত থাকবে।"

আপনার জেলার সংবাদ পড়তে