চাঁদপুরে চাল পাবেন ৪২ হাজার ৭৯০ জেলে

ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ২২ দিন পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ৭ অক্টোবর, ২০২৬, ০২:৪২ পিএম | প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৬, ০২:৪২ পিএম
ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ২২ দিন পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ

ইলিশের নিরাপদ প্রজনন সুগম করতে এবং 'মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬' বাস্তবায়নে সারা দেশের মতো চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতেও শুরু হয়েছে ২২ দিনের ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা। বুধবার (৭ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ২৯ অক্টোবর (২৩ আশ্বিন হতে ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ) পর্যন্ত।

এ সময় লক্ষ্ণীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার ইলিশ অভয়াশ্রম সীমানাসহ দেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ জলসীমায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে দেশব্যাপী ইলিশ পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন নিবন্ধিত জেলেদের জীবনযাত্রার সহযোগিতায় চাঁদপুর জেলার ৪টি উপজেলার(চাঁদপুর সদর, হাইমচর,মতলব দক্ষিণ ও মতলব উত্তর) ৪২ হাজার ৭৯০ জন জেলেকে ভিজিএফ কর্মসূচির আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হবে। তবে জেলেদের অভিযোগ, পূর্বে নিবন্ধিত জেলের সংখ্যা ৫৪ হাজারের বেশি হলেও বর্তমানে তালিকা থেকে বাদ পড়া অনেক জেলে সহায়তা পাচ্ছেন না। জেলেরা দ্রুত ও সঠিক তালিকা প্রণয়ন করে শতভাগ প্রকৃত জেলেদের মধ্যে খাদ্য সহায়তা পৌছে দেওয়ার দাবি জানিয়েছেন। মা ইলিশ রক্ষায় সরকারি এই কঠোর সিদ্ধান্ত বাস্তবায়নে নদীর জলসীমায় নিয়মিত অভিযান চালাবে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, পুলিশ, কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী। চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নদীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন এবং সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, প্রতিটি মা ইলিশ প্রজনন মৌসুমে প্রায় ৩ লাখ থেকে ১৫ লাখ পর্যন্ত ডিম দেয়। প্রজননকালে ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেলে দেশে ইলিশের উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং জেলেদের মাঝে সচেতনতা তৈরিতে  মাইকিং ও পোস্টারিং করা হচ্ছে।

উল্লেখ্য,  ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আজ ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চাঁদপুরসহ সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন ও মজুতকরণ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। প্রধান প্রজনন মৌসুমে ইলিশ আহরণ বন্ধের সময় নির্ধারণ এবং ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত চাঁদপুর জেলা টাস্কফোর্স কমিটির ইতিমধ্যে অনুষ্ঠিত  সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহ নিয়ে অভিযান পরিচালনা করবে প্রশাসন।

আপনার জেলার সংবাদ পড়তে