কুষ্টিয়ার দৌলতপর সীমান্তে সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, দেশের অর্থনৈতিক ও জননিরাপত্তা রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫ অক্টোবর কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া নদী নামক স্থানে একটি চৌকস বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় নৌপথে ভারতে পাচারকালে মালিকবিহীন অবস্থায় ৩,৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪,০০০ কেজি টিএসপি এবং ১,৭৫০ কেজি ফসফেটসহ সর্বমোট ৯,২৫০ কেজি সার উদ্ধার করা হয়।
উল্লেখ্য, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।