পটুয়াখালীর কুয়াকাটায় 'পর্যটন কার্নিভালকে' সামনে রেখে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে চারটায় কুয়াকাটা পর্যটন মোটেল হলিডে হোমসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৩ এবং ২৪ অক্টোবর পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. সামীমুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের পরিচালক মো. গনি উল আজম, পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক, পর্যটন পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) অনির্বান চাকমা, কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তালেব।
খোঁজ নিয়ে জানা গেছে, অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট, সান ফ্লাওয়ার্স ৩৬০ ও ঢাকা টকিজ নামে বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগ এবং আর্থিক সহায়তায় পর্যটন কার্নিভাল অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানের সহযোগী প্রতিষ্ঠান অ্যাকশনকাট এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও চলচিত্র প্রযোজক অনন্য মামুন জানান, পর্যটন কার্নিভাল উপলক্ষে কুয়াকাটায় বিচ ম্যারাথন, হেলথ ট্যুরিজম, পুঁথি পাঠ, ফ্যাশন শো, মিউজিক কনসার্ট, কিডস বিচ ফুটবল, বিচ ক্রিকেট, বিচ ভলিবল, ফুড ফেস্টিভাল, চিত্রাংকন প্রতিযোগিতা ও ঘুরি উৎসব অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে সংগীত শিল্পী প্রীতম হাসান, কেয়া পায়েল, সংগীত শিল্পী হাসান, বাউল শিল্পী চিশতী বাউল, নায়ক সিয়াম আহমেদ, জাতীয় দলের ফুটবল ক্যাপ্টেন জামাল ভূঁইয়া, ক্রিকেটের জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার, ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও তৌহীদ হৃদয় উপস্থিত থেকে বিভিন্ন ধরণের পরিবেশনায় অংশ নিবেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পর্যটন কার্নিভালের উপস্থাপনায় থাকবে শান্তা জাহান, ইভান হাসান ও সাদিয়া রোশনী সূচনা।