চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় সৎ ছেলে আশিকের ছুরিকাঘাতে মা আয়েশা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।
শনিবার দিবাগত রাতে ভোলাহাট উপজেলার জামবারিয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের এই ঘটনা ঘটে। নিহত আয়েশা জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামের বাবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী এবং আশিক বাবুল হোসেনের প্রথম পক্ষের ছেলে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, শনিবার রাতে মাদকাসক্ত ছেলে আশিক তার সৎ মা আয়েশার কাছে মাদক সেবনের জন্য টাকা দাবি করেন। টাকা না দিলে সৎ মায়ের পেটে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা আয়েশাকে দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে আশিকুর পলাতক রয়েছে। আশিকুর মাদকাসক্ত বলে জানান, ওসি বারিক।