মুন্সীগঞ্জের সিরাজদিখানে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতার ভাতিজার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদারের সঙ্গে যুবদলের আহবায়ক কমিটির বহিষ্কৃত সদস্য সিফাতুল ইসলাম জনির সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সিফাতুল ইসলাম জনির নেতৃত্বে শাহাদাৎ শিকদারের ভাতিজা আবু সাঈদের বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
ঘটনার খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদার বলেন, জনির নেতৃত্বে ৩৫ থেকে ৪০ জন দেশি অস্ত্র নিয়ে আমার ভাতিজা আবু সাঈদের বসতঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সিফাতুল ইসলাম জনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তিনদিন যাবত ঢাকার বাহিরে আছি, এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই। সিরাজদিখান থানার ওসি মো.আলাউদ্দিন জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার সাথে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।