সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) :
| আপডেট: ৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩৫ পিএম | প্রকাশ: ৩ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ পিএম
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন জামালপুরে সম্পন্ন

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় নিহত ৭ জনের গ্রামের বাড়ি জামালপুরে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৩অক্টোবর) সকালে জামালপুর সদর উপজেলায় তাদের নিজ নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়। 

ময়মনসিংহ মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার মধ্য রাতে নিহতদের মরদেহ জামালপুরে তাদের নিজ নিজ গ্রামের বাড়িতে আনা হয়। এ সময় পরিবার, স্বজন ও স্থানীয়দের কান্নায় যেন আকাশবাতাস ভারী হয়ে আসে।

শনিবার সকালে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবু (৫০) ও তার মা রাশিদা বেগমের (৭০) জানাজা অনুষ্ঠিত হয়। একই ইউনিয়নের গোড়ার কান্দা গ্রামে নিহত মোফাজ্জল হোসেন লেবুর মেয়ে অন্তসত্ত্বা মর্জিনা বেগম(২৫) ও মর্জিনা বেগমের শিশু সন্তান মিনা (৫) জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। একই দুর্ঘটনায় নিহত সিএনজি চালক সুজন আলীর (৪৪) মরদেহ গতকাল শুক্রবার রাতে বাড়িতে আনা হলে রাতেই তার জানাজা গোবিন্দবাড়ি গ্রামে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাদের প্রত্যেকের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে, সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আক্রাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগমের (৩৯)জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়। এমন করুণ মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজন ও স্থানীয়দের মাঝে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দুপুরে মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু। জামালপুর থেকে ময়মনসিংহ পযন্ত সিএনজিতে ও পরে সেখান থেকে বাসে করে গাজীপুরে যাওয়ার কথা ছিলো। কিন্তু তারা ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজীব পরিবহনের একটি বাসের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়।এতে ঘটনাস্থলেই একই পরিবারের চারজন ও সিএনজি চালকসহ মোট সাতজন নিহত হন। পরে ঘাতক বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে আইনি প্রক্রিয়া শেষে গভীর রাতে মৃতদেহগুলো জামালপুরে আনা হয়। এই দুর্ঘটনার পর থেকে ঢাকা-জামালপুর রুটে রাজীব পরিবহনের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে