কলমাকান্দার শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন বিআরটিসি বাস সার্ভিস

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) :
| আপডেট: ২ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম | প্রকাশ: ২ অক্টোবর, ২০২৬, ১২:০০ পিএম
কলমাকান্দার শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন বিআরটিসি বাস সার্ভিস

নেত্রকোনার কলমাকান্দা থেকে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে সপ্তাহে দুই দিন বিআরটিসি বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে আগামী সোমবার (৫ অক্টোবর) থেকে প্রতি সোমবার ও বুধবার বাসটি চলাচল করবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

তার দেওয়া তথ্য অনুযায়ী, নেত্রকোনা সরকারি কলেজের বিআরটিসি বাস প্রতি সোমবার ও বুধবার সকাল ৮টার মধ্যে কলমাকান্দা বাসস্ট্যান্ডে পৌঁছাবে। সেখান থেকে শিক্ষার্থীদের নিয়ে সকাল সাড়ে ৯টার মধ্যে নেত্রকোনা সরকারি কলেজ ক্যাম্পাসে পৌঁছাবে বাসটি। একই দিন বিকেল ২টা ৪০ মিনিটে কলেজ ক্যাম্পাস থেকে বাসটি কলমাকান্দার উদ্দেশে ছেড়ে যাবে। পরে শিক্ষার্থীদের কলমাকান্দা বাসস্ট্যান্ডে নামিয়ে দেওয়া হবে। কলমাকান্দা থেকে প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী নেত্রকোনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করেন। তাঁদের অনেকেই গণপরিবহনে যাতায়াত করেন। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয় শিক্ষার্থীদের। সপ্তাহে দুই দিন বিআরটিসি বাস চলাচল শুরু হলে শিক্ষার্থীদের যাতায়াতের সময় ও ব্যয় কমার পাশাপাশি নিয়মিত শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনায় এ পরিবহন ব্যবস্থা সহায়ক হবে। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এমন উদ্যোগ নেওয়ায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে