বগুড়ার শেরপুরে মোঃ শরিফ শেখ (৩৪) নামের এক রাজমিস্ত্রিকে অপহরণ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করলো শেরপুর থানা পুলিশ। এ ঘটনায় মিঠু হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এর আগে রাজমিস্ত্রি শরিফের স্ত্রী মোছাঃ সাদিয়া খাতুন বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭/৮ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করে। এজহারে অভিযুক্তরা হলেন, শেরপুর টাউন কলোনীর মোঃ রাসেল বাবু হিমু (৪৩), মোঃ রাকিব (৩৫), মো: লিমন (৩২) , মোঃ সাব্বির (২৩), মো: কামাল (৩৫), মো: সাব্বির(৩০), মো: নাজমুল (১৮), মোঃ বুলবুল (৩৫), মো: মাসুদ (৩৬), মো: সাফি (২৪), মো: রাফি (২৪), মোঃ মিঠু হোসেন (৪০)। এজাহার সূত্রে জানা যায়, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাসিন্দা শরিফ শেখ গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে নৈশভোজ শেষে নিজ এলাকা হামাছায়াপুর গ্রামের মোঃ রেজাউল কবিরের সাথে হাপুনিয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত ৮:১৫ মিনিটের দিকে তাঁরা হাপুনিয়া বাজারস্থ মোঃ নাহিদের মুদি দোকানের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওতপেতে থাকা বিবাদীরা একটি অজ্ঞাত গাড়িতে করে তাঁদের তুলে নিয়ে যায়। পরবর্তীতে চোখ গামছা দিয়ে বেঁধে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। অপহরণকারীরা রেজাউল কবিরকে ছেড়ে দিলেও শরিফ শেখকে এখনো ছাড়েনি এবং তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মইনুদ্দিন বলেন, ঘটনার মামলার প্রেক্ষিতে অপহরনকৃত শরিফ শেখকে উদ্ধার করা হয়েছে এবং সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া প্রকৃত রহস্য উন্মোচনে প্রয়োজনীয় পুলিশি তদন্ত ও তৎপরতা অব্যাহত রয়েছে।