বাংলাদেশের শিক্ষার সামগ্রিক মানোন্নয়ন, ইংরেজি শিক্ষার বিকাশ এবং শিক্ষকদের পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রসারে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদার করার আশ্বাস দিয়েছে ব্রিটিশ কাউন্সিল। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ডের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। বৈঠকে উভয়পক্ষ শিক্ষা খাতের উন্নয়ন ও পারস্পরিক অংশীদারিত্ব বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
বৈঠককালে প্রতিনিধিদল বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের দীর্ঘদিনের বহুমুখী কার্যক্রম, বিশেষ করে শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ প্রদান এবং ইংরেজি ভাষার দক্ষতানির্ভর বিভিন্ন উদ্যোগ শিক্ষามন্ত্রীর কাছে বিস্তারিতভাবে তুলে ধরেন।
শিক্ষায় ব্রিটিশ কাউন্সিলের উদ্যোগগুলোর প্রশংসা করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, "বাংলাদেশে ইংরেজি শিক্ষার উন্নয়ন ও শিক্ষকদের দক্ষ করে তুলতে ব্রিটিশ কাউন্সিল দীর্ঘদিন ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে তাদের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।" ভবিষ্যতে শিক্ষার প্রসার ও মান বৃদ্ধিতে ব্রিটিশ কাউন্সিলের এই ধারাবাহিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সৌজন্য সাক্ষাতকালে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস এবং প্রতিষ্ঠানটির হেড অব ইংলিশ অ্যান্ড স্কুল এডুকেশন দিপ্তী দাস। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও ব্রিটিশ কাউন্সিলের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।