পিরোজপুরের জিয়ানগর উপজেলায় মো. আলম মুন্সি (৭০) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালাইয়া গ্রামের নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলম মুন্সি কালাইয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে। তার ছেলে মো. আতিকুর রহমান ছগির জিয়ানগর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আলম মুন্সি সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে আদালতে পাঠানো হবে।”