বরগুনার তালতলীতে “নদী বাঁচাতে নবায়নযোগ্য জ্বালানি এখনই” -দাবিতে বিশ্ব নদী দিবস উপলক্ষে চিত্র অঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫ টায় উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ‘ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) এবং ‘তালতলী চারুকলা একাডেমী’ -এর যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, নদী দখল ও দূষণমুক্তির বার্তা সমাজের সকল স্তরের মানুষ এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কোমলমতি শিক্ষার্থীরা তাদের রং-তুলির আঁচড়ে ক্যানভাসে নদীর নয়নাভিরাম রূপ, বৈচিত্র্য এবং সুরক্ষার আকুতি ফুটিয়ে তোলে। ধরিত্রী রক্ষায় আমরা’ (ধরা) ও ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’-এর তালতলী শাখার সমন্বয়ক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন তালতলী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হাসান শাহীন, তালতলী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন আর-রশিদ খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ-সম্পাদক আকন মোঃ আল-মামুনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।