রংপুরে ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:২৬ পিএম
রংপুরে ডেঙ্গু প্রতিরোধে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬’ এবং ‘ডেঙ্গু মশা নিধন কর্মসূচি’ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা উপজেলার কোহিনুর বেগম উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন পীরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তাহের আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. শাহজাহান আলী। প্রধান অতিথির বক্তব্যে মো. তাহের আলী বলেন, এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্বচ্ছ পানিতে বংশ বিস্তার করে। তিনি বলেন, ফুলের টব, বালতি, ড্রাম, পুরোনো টায়ার ও বিভিন্ন পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। তিনি আরও বলেন, নিয়মিত জমে থাকা পানি ফেলে দিতে হবে এবং পানির পাত্র ঢেকে রাখতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন ও আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করতে হবে।

জোর দিয়ে শিক্ষা অফিসার বলেন, শুধু নিজের বাড়ি নয়, প্রতিবেশীর বাড়ি ও আশপাশেও কোথাও পানি জমে আছে কি না, তা খেয়াল করতে হবে এবং পরিষ্কার রাখার উদ্যোগ নিতে হবে। সভায় বিশেষ অতিথির বক্তব্যে কোহিনুর বেগম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন প্রামাণিক বলেন, ‘আজ আমরা ডেঙ্গু সম্পর্কে অনেক কিছু জানলাম। শুধু জানলেই হবে না, আমাদের তা মেনে চলতে হবে। নিজের শ্রেণিকক্ষ, বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখতে হবে’।

তিনি আরও বলেন, একজন সচেতন মানুষ একটি পরিবারকে সচেতন করতে পারে, আর সচেতন পরিবার গড়ে তুলতে পারে একটি সুস্থ সমাজ। সভাপতির বক্তব্যে সিনিয়র তথ্য অফিসার বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। হঠাৎ জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা বা শরীরে র‌্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তিনি সতর্ক করে বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি  বলেন, ‘যেখানেই বেড়াতে যাই, মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখি। নিজের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করি’। তিনি সকলকে সচেতন হয়ে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। অনুষ্ঠানে পীরগাছার ২নং পারুল ইউনিয়নের বিএনপির সভাপতি মো. রেজাউল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে