ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য সিলেটের পথে পথে প্রকৃতির মায়া

এ এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম
ভ্রমণ পিপাসুদের স্বর্গরাজ্য সিলেটের পথে পথে প্রকৃতির মায়া

পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ পানি, নদীর বুকে ছড়িয়ে থাকা অসংখ্য পাথর, দূর দিগন্তজুড়ে সবুজ চায়ের কার্পেট আর বর্ষায় পানির নিচে ডুবে থাকা বন-প্রকৃতি যেন তার সৌন্দর্যের নানা রং একসঙ্গে মেলে ধরেছে সিলেটে। এর সঙ্গে আছে সুফি সাধকের স্মৃতি, ঔপনিবেশিক আমলের স্থাপনা ও শত বছরের ইতিহাস। ফলে সিলেট শুধু বেড়ানোর জায়গা নয়; এটি একই সঙ্গে প্রকৃতি, ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক অনন্য মিলনভূমি। বাংলাদেশ পর্যটন বোর্ডের তালিকাতেও জাফলং, লালাখাল, রাতারগুল, বিছনাকান্দি ও হযরত শাহজালাল (রহ.)-এর মাজার সিলেটের উল্লেখযোগ্য গন্তব্য হিসেবে স্থান পেয়েছে। 

সিলেট ভ্রমণে তাই শুধু একটি-দুটি স্পট ঘুরে ফিরে আসার সুযোগ নেই। নগরীর ঐতিহাসিক স্থাপনা থেকে শুরু করে সীমান্তঘেঁষা পাহাড়ি জনপদ-প্রতিটি জায়গার রয়েছে আলাদা গল্প, আলাদা সৌন্দর্য ও আলাদা গুরুত্ব।

আধ্যাত্মিক সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার

সিলেটের পরিচয়ের সঙ্গে সবচেয়ে গভীরভাবে জড়িয়ে থাকা নামগুলোর একটি হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ বা মাজার শরীফ। তাঁর মাজার শুধু ধর্মীয় স্থান নয়, সিলেটের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়েরও গুরুত্বপূর্ণ অংশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন শ্রদ্ধা জানাতে।

সিলেট শহরের প্রাণকেন্দ্র একটি উঁচু টিলায় অবস্থিত এই মাজারকে ঘিরে দীর্ঘদিন ধরে ধর্মীয় ও সামাজিক নানা ঐতিহ্য গড়ে উঠেছে। সিলেটের পর্যটন মানচিত্রে এ স্থানটির গুরুত্ব তাই অন্যরকম।

মাজার এলাকায় গেলে ধর্মীয় পরিবেশের পাশাপাশি সিলেটের পুরোনো নগরজীবনের একটি আবহও অনুভব করা যায়। দেশ-বিদেশের পর্যটকদের একটি বড় অংশ সিলেট ভ্রমণের শুরুতেই এই ঐতিহাসিক স্থানে যান।

ধর্মীয় স্থাপত্যে ইতিহাসের ছাপ শাহী ঈদগাহ

সিলেটের আরেক গুরুত্বপূর্ণ ঐতিহ্য শাহী ঈদগাহ ময়দান। নামের মধ্যেই এর পরিচয়। এটি ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দান, যেখানে দীর্ঘকাল ধরে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে।

সিলেট জেলা তথ্য অফিসের তথ্য অনুযায়ী, মোগল আমলে ফৌজদার ফরহাদ খাঁ এই ঈদগাহ নির্মাণ করেন। কারুকার্যখচিত স্থাপনাটিতে ২২টি সিঁড়ি বেয়ে মূল অংশে উঠতে হয় এবং সেখানে ১৫টি গম্বুজ রয়েছে। আধুনিক ডিজাইনে নির্মিত করা হয়েছে উচ্চ মিনার।

তবে শাহী ঈদগাহের গুরুত্ব শুধু ধর্মীয় নয়, রাজনৈতিক ও ঐতিহাসিকও। ১৭৮২ সালে সৈয়দ মোহাম্মদ হাদী ও সৈয়দ মোহাম্মদ মেহেদী ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে এখানে ইংরেজবিরোধী অভ্যুত্থান সংঘটিত হয়েছিল বলে সরকারি ঐতিহাসিক তথ্যে উল্লেখ রয়েছে। পরবর্তী সময়ে মহাত্মা গান্ধী, মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও শেরে বাংলা এ কে ফজলুল হকের মতো রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিও এ স্থানটির ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়েছে। 

সুরমার ওপর দাঁড়িয়ে থাকা ক্বিনব্রীজ

সিলেটে প্রবেশের অন্যতম পরিচিত প্রতীক ক্বিনব্রীজ। সুরমা নদীর ওপর দাঁড়িয়ে থাকা এই সেতু যেন পুরোনো সিলেটের সঙ্গে বর্তমান নগরীর একটি ঐতিহাসিক সংযোগ।

ব্রিটিশ আমলের প্রশাসনিক ইতিহাসের সঙ্গে ক্বিনব্রীজের নাম জড়িয়ে আছে। সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, গত শতকের ত্রিশের দশকে (১৯৩৬ সালে নির্মিত) আসাম প্রদেশের গভর্নর মাইকেল ক্বিনের নাম থেকেই সেতুটির নামকরণ করা হয়। দীর্ঘদিনের ব্যবহারে এটি সিলেটের অন্যতম পরিচিত ঐতিহাসিক নিদর্শনে পরিণত হয়েছে।

সেতুর ওপর দাঁড়িয়ে সুরমা নদীর প্রবাহ দেখা, নদীর দুই তীরের নগরজীবন উপভোগ করা কিংবা পুরোনো সিলেটের স্থাপত্য ও ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়া-সব মিলিয়ে ক্বিন ব্রিজ শহুরে পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ।

পাহাড়, পাথর আর স্বচ্ছ পানির প্রকৃতি-কন্যা জাফলং

সিলেটের পর্যটনের কথা উঠলে প্রথম সারিতেই আসে জাফলং। খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত পিয়াইন নদীর উৎপত্তিস্থল। এই সীমান্তবর্তী অঞ্চলকে পর্যটকদের কাছে ‘প্রকৃতি কন্যা’ হিসেবেও পরিচিত করা হয়। 

জাফলংয়ের সৌন্দর্যের মূল আকর্ষণ হলো পাহাড়, নদী ও পাথরের সমন্বয়। পিয়াইন নদীর স্বচ্ছ পানি, নদীর বুকে ছড়িয়ে থাকা পাথর, ওপারে ভারতের পাহাড়, ডাউকি অঞ্চলের পাহাড়ি জলধারা এবং ঝুলন্ত ডাউকি ব্রিজ-সব মিলিয়ে এখানে তৈরি হয়েছে অনন্য ভূদৃশ্য। 

বর্ষায় পাহাড়ি পানির প্রবাহ ও সবুজের আধিক্য জাফলংকে দেয় এক রূপ; শুষ্ক মৌসুমে পাথর ও নদীর স্বচ্ছতা সামনে আসে অন্যভাবে। তাই ঋতু পরিবর্তনের সঙ্গে জাফলংয়ের সৌন্দর্যও বদলে যায়।

পান্না-সবুজ পানির সৌন্দর্য লালাখাল

সিলেটের আরেক বিস্ময় স্বচ্ছ পানির নদ লালাখাল। জৈন্তিয়া পাহাড়ের পাদদেশে পাহাড়, বন, চা-বাগান ও নদীঘেরা এই এলাকা প্রকৃতিপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের। 

লালাখালের সবচেয়ে বড় আকর্ষণ এর স্বচ্ছ পান্না-সবুজ পানি। সারীঘাট থেকে নৌকায় নদীর উৎসমুখের দিকে এগিয়ে গেলে দুই পাশে পাহাড়ের সারি, সবুজ প্রকৃতি এবং স্বচ্ছ পানির মেলবন্ধন চোখে পড়ে। সরকারি পর্যটন তথ্যে সারীঘাট থেকে নৌপথে লালাখাল যাওয়ার কথাও উল্লেখ রয়েছে। 

এখানে ভ্রমণের সৌন্দর্যের বড় অংশই নৌযাত্রা। নদীর ওপর নৌকা ধীরে এগিয়ে যায়, আর দুই পাশে পাহাড় ও সবুজের প্রতিবিম্ব পানিতে তৈরি করে এক ধরনের প্রাকৃতিক চিত্রকর্ম।

পাথরের রাজ্যে নদী ও পাহারে সাজানো সাদাপাথর

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে অবস্থিত সাদাপাথর সিলেটের নতুন প্রজন্মের পর্যটন আকর্ষণগুলোর অন্যতম। নাম থেকেই বোঝা যায়-এখানে পাথরই সৌন্দর্যের অন্যতম প্রধান উপাদান।

ভারতীয় সীমান্তঘেঁষা পাহাড় থেকে নেমে আসা স্রোতধারা, নদী ও সাদা পাথরের বিস্তীর্ণ উপস্থিতি এ অঞ্চলকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। সিলেট জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট শহর থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে এবং মূল পর্যটন স্পটে যেতে নৌপথ ব্যবহার করা হয়। 

পাথরের ওপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানি, চারপাশের পাহাড় এবং নীল-সবুজ প্রকৃতি সাদাপাথরকে ছবি তোলার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি সময় কাটানোর জন্য জনপ্রিয় করে তুলেছে।

পাহাড়ের নিচে পাথর আর স্বচ্ছ পানির বিছনাকান্দি গোয়াইনঘাটের রুস্তমপুর ইউনিয়নের বিছনাকান্দি যেন পাহাড়, নদী, পাথর ও মেঘের একসঙ্গে তৈরি প্রাকৃতিক মঞ্চ। এটি বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকা এবং খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত।  পাহাড় থেকে নেমে আসা পানির সঙ্গে বড় বড় পাথর এসে জমে তৈরি করেছে এখানকার বিশেষ ভূদৃশ্য। বর্ষাকালে পাহাড়ি পানির প্রবাহ বাড়লে বিছনাকান্দির সৌন্দর্যও বহুগুণ বেড়ে যায়। পর্যটন বোর্ডের তথ্যেও বর্ষাকালকে এ অঞ্চলের সৌন্দর্য উপভোগের উপযুক্ত সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। বিছনাকান্দির আরেকটি বৈশিষ্ট্য হলো-এখানে শুধু একটি স্পট নয়, আশপাশের পাহাড়, নদীপথ ও পাথরের বিস্তীর্ণ এলাকা মিলেই পুরো অভিজ্ঞতাটি তৈরি করে।

সীমান্তের পাহাড়ি ঝরনার সৌন্দর্য পাংথুমাই গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের পাংথুমাই মূলত পাহাড়, ঝরনা, নদী ও সবুজ গ্রামের সমন্বয়ে গড়ে ওঠা একটি নৈসর্গিক এলাকা। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ পাহাড়ি জলপ্রপাত। দূর থেকে দেখা জলপ্রপাত, সামনে সবুজ গ্রাম আর আশপাশের পাহাড়। সব মিলিয়ে পাংথুমাইয়ের দৃশ্য অনেকটা ছবির মতো।

পাংথুমাইয়ের বিশেষ গুরুত্ব হলো, এটি শুধু একটি জলপ্রপাত দেখার জায়গা নয়; সীমান্তঘেঁষা সিলেটের পাহাড়ি ভূপ্রকৃতি ও গ্রামীণ জীবনেরও একটি স্বাভাবিক চিত্র এখানে দেখা যায়। বিছনাকান্দি ও আশপাশের এলাকাগুলোর সঙ্গে মিলিয়ে এটি একটি বড় পর্যটন রুটের অংশ হিসেবেও বিবেচিত করা হয়।  

পানির নিচে হারিয়ে যাওয়া সবুজ বন রাতারগুল

সিলেটের পর্যটনে সবচেয়ে ব্যতিক্রমী নামগুলোর একটি রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এটি গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে অবস্থিত একটি মিঠাপানির জলাবন। বাংলাদেশ পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, এটি বাংলাদেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট হিসেবে পরিচিত। 

বর্ষাকালে পানির উচ্চতা বেড়ে গেলে বনের বড় অংশ পানির নিচে চলে যায়। তখন নৌকায় করে গাছের সারির মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা তৈরি হয়। পানির ওপর গাছের প্রতিচ্ছবি, নীরব পরিবেশ এবং বনের ভেতরের সরু জলপথ রাতারগুলকে অন্য যেকোনো পর্যটন স্পটের চেয়ে আলাদা করে তুলেছে। 

রাতারগুল শুধু সৌন্দর্যের জায়গা নয়; এটি জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ। বন ও জলাভূমির এই মেলবন্ধন সিলেটের পরিবেশগত বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

সিলেটের সবুজ পরিচয়ের প্রতীক বিস্তীর্ণ চা-বাগান

সিলেটের সঙ্গে চা-বাগানের সম্পর্ক এতটাই গভীর যে চা-বাগান ছাড়া সিলেটের পর্যটনচিত্র কল্পনা করা কঠিন। শহরের কাছাকাছি মালনীছড়া ও লাক্কাতুরাসহ বিভিন্ন চা-বাগানের সারি সিলেটের ভূদৃশ্যকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়।

মালনীছড়া চা-বাগান সিলেট শহরের উপকণ্ঠে অবস্থিত এবং শহরের কেন্দ্র থেকে তুলনামূলক সহজেই সেখানে যাওয়া যায়। লাক্কাতুরা চা-বাগানও বিমানবন্দর সড়কের পাশে অবস্থিত। 

সারি সারি চা-গাছ, ঢেউ খেলানো সবুজ টিলা, শ্রমিকদের চা পাতা সংগ্রহের দৃশ্য এবং বাগানের নিরিবিলি পরিবেশ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ তৈরি করে। একই সঙ্গে চা-বাগান সিলেটের অর্থনীতি, শ্রমজীবী মানুষের জীবন এবং ঔপনিবেশিক সময় থেকে গড়ে ওঠা চা-শিল্পের ইতিহাসের সঙ্গেও যুক্ত।

সিলেট যেন একই ফ্রেমে বহু গল্প

সিলেটের পর্যটনকে শুধু পাহাড়, নদী কিংবা জলপ্রপাত দিয়ে ব্যাখ্যা করা যায় না। হযরত শাহজালাল (রহ.)-এর মাজারে আধ্যাত্মিকতা, শাহী ঈদগাহে ইতিহাস, ক্বিন ব্রিজে ঔপনিবেশিক স্মৃতি, জাফলংয়ে পাহাড়-পাথর, লালাখালে নদীর স্বচ্ছতা, সাদাপাথরে পাথরের সৌন্দর্য, বিছনাকান্দিতে পাহাড়ি জলধারা, পাংথুমাইয়ে জলপ্রপাত, রাতারগুলে জলাবন আর চা-বাগানে সবুজ অর্থনীতি। সব মিলিয়ে সিলেটের পর্যটন একটি বহুমাত্রিক অভিজ্ঞতা।

এই বৈচিত্র্যই সিলেটকে অন্য অনেক পর্যটন অঞ্চলের চেয়ে আলাদা করে। একই ভ্রমণে একজন পর্যটক যেমন প্রকৃতির কাছে যেতে পারেন, তেমনি জানতে পারেন ইতিহাস, ধর্মীয় ঐতিহ্য, সীমান্তবর্তী মানুষের জীবন ও চা-শিল্পের গল্প। আর তাই সিলেট কেবল একটি গন্তব্য নয়। এ যেন পাহাড়, নদী, পাথর, বন, চা আর মানুষের গল্পে লেখা একটি জীবন্ত ভ্রমণকাব্য।

আপনার জেলার সংবাদ পড়তে