বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা ও ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু উপলক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহাবিদ্যালয়ের জীববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক মো: সামছুর রহমান ও সহকারী শিক্ষক মোঃ মাসুমার রহমানের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত এডহক কমিটির সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাব্।ু
অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দ, নবগঠিত এডহক কমিটির সদস্যবৃন্দ, ও একাদশ শ্রেণিতে ভর্তিকৃত নবাগত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এসময় নবগঠিত এডহক কমিটির সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাব্,ু সদস্য সচিব অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন, অভিভাবক সদস্য মোঃ সুজল শেখ ও শিক্ষক প্রতিনিধি সদস্য সহকারী অধ্যাপক (অর্থনীতি) মোঃ শহীদুল ইসলামকে কলেজের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য দিয়ে বরণ করে সংবর্ধনা প্রদান করা হয়। এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানানো হয়। নতুন শিক্ষার্থীদের জন্য এটি ছিল তাদের কাঙ্ক্ষিত কলেজ জীবনের এক নতুন অধ্যায়ের শুভ সূচনা ও স্মরণীয় মুহূর্ত। এসময় একাদশ শ্রেণিতে পদার্পণের মাধ্যমে শিক্ষার্থীদের জীবনের এক গুরুত্বপূর্ণ নতুন অধ্যায় সূচিত হওয়ায় তাদের চোখে-মুখে নতুন স্বপ্ন, মনে নতুন প্রত্যাশা এবং সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয় ফুঁটে ওঠে।
সংবর্ধনা এবং পরিচিতি পর্ব শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা হয় মূল আলোচনা সভা। অনুষ্ঠানের এ পর্বে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও মূল্যবান স্বাগত বক্তব্য প্রদান করেন মহাবিদ্যালয়ের সুযোগ্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, কলেজের বিভিন্ন নিয়ম-কানুন ও আচরণবিধি মেনে চলা, শিক্ষক ও অভিভাবকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং নৈতিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে নিজেদের মেধা, যোগ্যতা ও প্রতিভাকে দেশের কল্যাণে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রেখে ভালো মানুষ, সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির সহ-সভাপতি এম এ নোমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহাবিদ্যালয় বাস্তবায়ন কমিটির অন্যতম সদস্য ও কালিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, পিরোলী ইউনিয়ন বিএনপি'র সহ-সভাপতি জামির হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন গাজী, কালিয়া উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল মোল্লা, ইউপি সদস্য মো: হামিদুল শেখ, ফাজেল আহম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো: দিদার শরীফ, প্রধান শিক্ষক মনিমোহন বিশ্বাস ও পশ্চিম পেড়লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাবিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো: আতিয়ার রহমান, পদার্থবিজ্ঞান বিষয়ের প্রভাষক মো: মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মোঃ মাসুমার রহমান ও নবাগত শিক্ষার্থী শ্রেয়া রায়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা বিএনপির সদস্য বায়েজীদ হোসেন, ইস্রাফিল জোয়ার্দার, কারাবরণকারী বিএনপিনেতা মো: ফায়াজুর রহমান মোল্লা ও মাহমুদ মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাক্তন কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষক-কর্মচারী এবং একাদশ ও দ্বাদশ শিক্ষার্থীবৃন্দ। বক্তরা তাদের বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে নবাগত শিক্ষার্থীদের অবহিত করেন; যাতে তারা একজন আদর্শ শিক্ষার্থী হিসেবে তাদের করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করে। শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথিরা কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের বিশেষভাবে পুরস্কৃত করেন।