পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ২৫ সেপ্টেম্বর রাতে সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা এসব সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি বিশাল বিক্ষোভ মিছিল সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে বিএনপি কার্যালয় চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার বলেন, "দেশকে অস্থিতিশীল করার যেকোনো পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্র সাধারণ জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। জাতীয়তাবাদী শক্তি সবসময় দেশের শান্তি ও গণতন্ত্র রক্ষায় রাজপথে থাকবে। জেলা যুবদলের আহবায়ক তারিক আজিজের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, জেলা যুবদলের সদস্য সচিব রেজওয়ান আক্তার পাপ্পু এবং সাবেক নেতা আব্দুস সাত্তার বকুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে দেশের শান্তিশৃঙ্খলা বিঘ্নকারী সকল অপতৎপরতা বন্ধের দাবি জানান এবং সামনের দিনে যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।