বরিশাল জেলা যুবলীগের সদস্য মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাতের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাড়িতে থানা ও ডিবি পুলিশের সদস্যরা অভিযান চালিয়েছে। সাগর সেরনিয়াবাতের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে জানিয়েছেন, ওইদিন বিকেল তিনটার দিকে আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এবং ডিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এসময় সাগর সেরনিয়াবাতের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় বাড়িতে থানা নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পরে। নাম প্রকাশ না করার শর্তে থানার একটি সূত্রে জানা গেছে, এলাকায় নাশকতার লক্ষ্যে সাগর সেরনিয়াবাতের বাড়িতে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মীর গোপন বৈঠক করার খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়েছিলো। তবে অভিযানের সময় ওই বাড়িতে কোন পুরুষ সদস্য ছিলেন না বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।