ঝিনাইদহের মহেশপুরে নিখোঁজের দীর্ঘ সময় পর কিশোরী নিঝুম খাতুনের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের মা তাসলিমা খাতুন।বৃহস্পতিবার সকালে মহেশপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে তাসলিমা খাতুন বলেন, তার মেয়েকে যারা পরিকল্পিতভাবে অপহরণ ও হত্যা করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি মেয়ের হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।নিহত নিঝুম খাতুন (১৭) মহেশপুর উপজেলার ফতেপুর কানাইডাঙ্গা গ্রামের বাসিন্দা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ মার্চ ২০২৫ নিঝুম নিখোঁজ হয়। এরপর দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। পরে তদন্তের মাধ্যমে পুলিশ নিঝুমের অপহরণ ও হত্যার রহস্য উদ্ঘাটন করে বলে জানা গেছে।সংবাদ সম্মেলনে নিঝুমের মা বলেন, মেয়ের সন্ধান না পেয়ে দীর্ঘদিন ধরে তারা চরম অনিশ্চয়তা ও কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। মেয়েকে হারানোর শোক এখনো কাটেনি। তিনি দ্রুত মামলার তদন্ত ও বিচার কার্যক্রম শেষ করে হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, কোনো মা-বাবার সন্তান যেন এমন নির্মমতার শিকার না হয়। নিঝুম হত্যার সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের প্রতি আস্থা ফিরে পাবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকদের পাশাপাশি নিহত নিঝুমের পরিবারের সদস্য সাবিরা খাতুন উপস্থিত ছিলেন।