সারের সরবরাহ নিশ্চত করা, দাম কমানো, কৃষক হয়রানি বন্ধের দাবিতে ও জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, কৃষক সমিতি'র কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভাষ শাহ রায়, কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহবায়ক রেবতী বর্মন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল, জেলা কমিটির সদস্য আব্দুল জলিল প্রমুখ।
বক্তারা বলেন, সার সংকটে দেশের মানুষ আজ দিশেহারা, সারাদিন লাইনে দাঁড়িয়ে থেকেও কৃষক সার পাচ্ছে না। ডিলাররা সিন্ডিকেট করে কৃষকদের হয়রানি করছে, সরকারও কোন পদক্ষেপ নিচ্ছে না। সেইসাথে জ্বালানি তেলের অযৌক্তিক মূল্য বৃদ্ধিরও প্রতিবাদ করেন এবং অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং রেল গেইটে এসে শেষ হয়।