নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার দায়ে মো. রাসেল হাওলাদার (২৮) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দন্ড কার্যকর করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়ার সহকারী কমিশনার ভূমি মো ইয়াসীন সাদেক এ অভিযান পরিচালনা করেন। দন্ডিত ব্যক্তি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার প্রতাপ এলাকার বাসীন্দা। তার বাবার নাম হারুন অর রশিদ। ইয়াসীন সাদেক জানান, দন্ডিত ব্যক্তি নিজেকে ভুয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দান করে কুয়াকাটায় থ্রি স্টার নামের একটা হোটেলে ৩৯ নম্বর রুম বুক করেন। সেখানে রাসেল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। বিক্যাশের দোকানে ৩০,০০০/- রিচার্জ করেন। তিনি ৪৪ বিসিএস গ্যাজেট এর ২৩২ ক্রমিকের মো রাসেল মিয়ার নাম পরিবর্তন করে মো রাসেল হাওলাদার অও দিয়ে পরিবর্তন করেছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগপত্র জালিয়াতি করেছেন। দণ্ডবিধি, ১৮৬০-এর ১৭০ ধারানুসারে তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।