চলন্ত অবস্থায় মেট্রোরেলের একটি দরজা হঠাৎ খুলে যাওয়ার ঘটনায় বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উত্তরা-মতিঝিল রুটে প্রায় ২৬ মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল। নিরাপত্তার কারণে সাময়িকভাবে সার্ভিস বন্ধ রেখে ত্রুটি মেরামত করা হয়। এতে বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় দেখা দেয় এবং ট্রেন চলাচলে কিছুটা বিলম্ব হয়।
এমআরটি পুলিশের (অপারেশন) পরিদর্শক মো. মহসীন শেখ জানান, বুধবার সকাল ৭টা ৩৭ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ করা হয়। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের দিকে যাওয়ার সময় একটি ট্রেনের পেছনের দিকের একটি দরজা হঠাৎ খুলে যায়।
বিষয়টি জানার পর যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে মেট্রোরেলের যান্ত্রিক ত্রুটি মেরামত করা হলে সকাল ৮টা ৩ মিনিটে আবার ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে সকালে যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরা থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা রুটের ট্রেনগুলো নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতে বিভিন্ন স্টেশনে পৌঁছাচ্ছিল। এতে অফিসগামী যাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীরাও ভোগান্তিতে পড়েন।
ট্রেন আসতে দেরি হওয়ায় স্টেশনগুলোর প্ল্যাটফর্মে যাত্রীদের চাপ বেড়ে যায়। বিশেষ করে মিরপুর-১০, শেওড়াপাড়া, আগারগাঁও ও ফার্মগেট মেট্রো স্টেশনে প্রচণ্ড ভিড় দেখা যায়।
যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বিঘ্নের পর মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়। তবে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভোগান্তি ও ভিড়ের সৃষ্টি হয়।
মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সাময়িক এই বিঘ্নের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।