অবশেষে পূর্ণতা পেলো ফিফা আসিয়ান কাপের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে সর্বশেষ ফুটবলার হিসেবে যোগ দিয়েছেন কানাডাপ্রবাসী মিডফিল্ডার সামিত সোম। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু। আগেই সামিতের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে বৈরী আবহাওয়ার কারণে তার ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আসে। ফলে এক দিন দেরিতে জাকার্তায় পৌঁছাতে হয়েছে তাকে। ইন্দোনেশিয়ায় এবার ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী শুক্রবার মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাল-সবুজের দলের অভিযান। এরপর সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে রেকর্ড ৯ জন প্রবাসী ফুটবলার নিয়ে জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ টমাস ডুলি। উল্লেখ্য, ভিসা জটিলতার কারণে ঢাকা থেকে দলের সঙ্গে জাকার্তায় যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। তবে সেই জটিলতা কাটিয়ে তিনি গতকাল মঙ্গলবার যোগ দিয়েছেন দলের সঙ্গে।