সেনবাগে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৪ পিএম
সেনবাগে জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

নোয়াখালীর সেনবাগে জমি দখলের চেষ্টা, গাছ কাটাসহ ক্ষতিসাধন এবং হুমকি দেওয়ার অভিযোগে হাজী মো. সেলিম মাস্টারসহ কয়েকজনের বিরুদ্ধে সেনবাগ থানায় লিখিত অভিযোগ করেছেন মোহাম্মদ আলমগীর হোসেন প্রকাশ জসিম নামের নামের এক কলেজ শিক্ষক। 

সোমবার সেনবাগ থানার অফিসার ইনচার্জ বরাবর দেওয়া অভিযোগে  উল্লেখ করেন, সেনবাগ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কাদরা এলাকায় সেনবাগ সরকারি হাসপাতালের পূর্ব পাশে তাদের ছয় শতাংশ জমি রয়েছে। প্রায় ২২ বছর আগে তারা উক্ত জমি ক্রয় করে ভোগদখলে রয়েছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত হাজী মো. সেলিম মাস্টার ও তার সহযোগীরা ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা জমির গাছপালা কেটে ফেলেন এবং জমির ওপর দিয়ে চলাচলের রাস্তা তৈরির চেষ্টা করেন। এতে আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগকারী আরও দাবি করেন, স্থানীয় সাক্ষী মো. আশিক পারভেজসহ কয়েকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দেন। এতে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাক্ষীকে মারধরের জন্য উদ্যত হন এবং অভিযোগকারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেও সমাধান না হওয়ায় তারা থানায় লিখিত অভিযোগ দিতে বাধ্য হয়েছেন।

অভিযোগে জমিটির মৌজা-কাদরা, বিএস খতিয়ান নং-৫৮ এবং দাগ নং-১৩১৭ ও ১৩১৮-এর মধ্যে ছয় শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ আলমগীর হোসেন প্রকাশ জসিম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এব্যাপাররে ওসির দায়িত্বে থাকা সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি - তদন্ত  হযরত আলী মিলন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান দুই পক্ষকে থানায় ডাকা হয়েছে। 

আপনার জেলার সংবাদ পড়তে