সিলেট মহানগরীর মীরবক্সটুলা এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের আকস্মিক অভিযানে তিন ফার্মেসিকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনুমোদনহীন ওষুধ ও বেবি ফুড বিক্রির অভিযোগে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এই অভিযান চলে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত মীরবক্সটুলা এলাকায় অভিযান পরিচালনা করে সিলেট জেলা প্রশাসন। অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ওষুধ ও বেবি ফুড বিক্রির বিষয়টি ধরা পড়ে। পরে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসন জানায়, অভিযানে দি পপুলার ফার্মেসিকে ১৮ হাজার টাকা, লয়েডস মেডিকেলকে ১৫ হাজার টাকা এবং সাফওয়ান মেডিকেল হলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে আদায় করা হয় ৪৮ হাজার টাকা। অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা, অর্পিত সম্পত্তি সেল, মহিলা সহায়তা কর্মসূচি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা।
অভিযান শেষে তিনি বলেন, তিনটি প্রতিষ্ঠানে অনুমোদনহীন ওষুধ বিক্রির প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে অনুমোদনহীন ওষুধ বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ওষুধ বিক্রির ক্ষেত্রে অনুমোদন ও আইন মেনে চলার ওপর নজরদারি জোরদার করার অংশ হিসেবেই এমন অভিযান পরিচালনা করা হচ্ছে।