নাসিরনগরে

হাত-পা ও মুখে টেপ পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৫ পিএম
হাত-পা ও মুখে টেপ পেঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরজান মিয়া (২০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের হাত - পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নাসিরনগর কলেজ  মোড় এলাকায় একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া লাখাই উপজেলা ইউনিয়নের চিকনপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বেলা ১১টার দিকে কলেজ মোড় এলাকার একটি ঝোঁপের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাছে গিয়ে দেখেন যুবকের দুই হাত, দুই পা এবং মুখে স্কচটেপ দিয়ে পেঁচানো রয়েছে। বিষয়টি দেখে তারা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। খবর পেয়ে পিবিআই’র সদস্যরাও ঘটনাস্থলে যায়।

পরে দুপুরে  নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ব্যাটারিচালিত অটোরিকশা চালক আরজান মিয়ার বলে শনাক্ত করেন। নিহতের পিতা আওয়াল মিয়া জানান, প্রতিদিন মতো রোববার সকালে  অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি আরজান। অনেক খোঁজাখুঁজি পর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাসিরনগর কলেজ সংলগ্ন  এলাকায়  অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের খবর পান তিনি।এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহটি তাঁর ছেলে আরজানের বলে শনাক্ত করেন।

এদিকে  উপজেলা আশুরাইল বেনীপাড়া এলাকা থেকে নিহত আরজান মিয়ার অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে  । হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে  পুলিশ ও স্বজনদের ধারনা। নাসিরনগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) শাহিনুল ইসলাম জানান, নিহতের হাত ও মুখ স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনা তদন্তে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে