পাবনার সুজানগরের হাট-বাজারে বেগুনের দাম হঠাৎ করে অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। উপজেলার প্রতিটি হাট-বাজারে প্রতি কেজি বেগুন ৮০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ উপজেলার হাট-বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০টাকা দরে। এ হিসাবে ১কেজি বেগুনের দামে ২কেজি মোটা চাল পাওয়া যাচ্ছে। সুজানগর পৌর বাজারের চাল ব্যবসায়ী আবুল হোসেন বলেন বর্তমানে হাট-বাজারে চালের বাজার বেশ চড়া। কিন্তু তার পরও হাট-বাজারে চালের চেয়ে বেগুনের দাম আরও চড়া। বর্তমান বাজার মূল্যে ২কেজি চালের দামে ১কেজি বেগুন পাওয়া যাচ্ছে। উপজেলার মানিকহাট গ্রামের ভ্যান চালক আব্দুল বাতেন বলেন বর্তমানে চালের বাজার চড়া হলেও নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু প্রতি কেজি বেগুনের দাম ৮০ থেকে ৯০টাকা হওয়ায় নিম্ন আয়ের মানুষের পক্ষে কেনা অসম্ভব হয়ে পড়েছে। এমনকি বেগুনের বর্তমান বাজারে সচ্ছল পরিবারের লোকজনও কিনতে হিমশিম খাচ্ছেন বলে ভুক্তভোগী ক্রেতারা জানান। সুজানগর পৌর বাজারের সবজি ব্যবসায়ী লিটন হোসেন বলেন গত ৮/১০দিন আগেও প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৬০টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানি কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়ে। আমদানি বাড়লে দাম কমে যাবে।