গফরগাঁওয়ে

সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণ, শাস্তির দাবিতে মানববন্ধন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ পিএম
সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে ধর্ষণ, শাস্তির দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের গফরগাঁওয়ে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি ও গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত গফরগাঁও প্রেসক্লাবের সামনে উপজেলার চরআলগী ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সঞ্চালনা করেন শরিফুল ইসলাম ফরাজি সুমন। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল কাইয়ূম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, চরআলগী ইউনিয়ন বিএনপির সাবেক সম্পাদক জিল্লুর রহমান মাস্টার, উপজেলা যুব খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, চরআলগী ইউনিয়ন বিএনপি নেতা গাউসুল আজম বাচ্চু, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

বক্তারা বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় পুরো এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের কালিবাড়ি চর গ্রামে এক প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৫ জনকে আসামি করে গফরগাঁও থানায় মামলা দায়ের করেছেন।  পুলিশ ইতিমধ্যে রাজিব (২৩) নামে এক আসামিকে গ্রেফতার করে শনিবার দুপুরে তাকে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান শেখ বলেন, মামলার অন্য আসামিদের গ্রেফতারের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে