নেপালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অরবিট ক্রিকেট ইনস্টিটিউট। আর এই সাফল্যের সঙ্গে নিজেকে জড়াতে পেরে গর্বিত চারঘাটের তরুণ ক্রিকেটার ও অলরাউন্ডার আসিফ আকবর। গত ১১ সেপ্টেম্বর নেপালের চন্দ্রাপুরে অনুষ্ঠিত হয় চন্দ্রাপুর ক্রিকেট একাডেমি, নেপাল ও অরবিট ক্রিকেট ইনস্টিটিউট বাংলাদেশ-এর মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। সিরিজে অরবিট ক্রিকেট ইনস্টিটিউট বাংলাদেশের হয়ে মাঠে নামেন চারঘাটের কৃতিসন্তান আসিফ আকবর।
ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ২০১৮ সালে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মাধ্যমে আসিফের ক্রিকেটযাত্রা শুরু। এরপর থেকে স্থানীয় পর্যায়ের বিভিন্ন টুর্নামেন্টের পাশাপাশি দেশের বিভিন্ন বড় টুর্নামেন্ট ও লিগে নিয়মিত অংশ নিয়ে নিজের প্রতিভার জানান দিয়ে আসছেন তিনি। ডানহাতি অফ-স্পিনের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটিং করেন ২৩ বছর বয়সী এই ক্রিকেটার। বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সক্ষমতা রয়েছে তার। ফলে একজন কার্যকর অলরাউন্ডার হিসেবে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছেন আসিফ। নেপালের মাটিতে সিরিজ জয়ের অভিজ্ঞতা তার ক্রিকেট ক্যারিয়ারে নতুন আত্মবিশ্বাস যোগ করেছে। চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর নিজের অনুভূতি প্রকাশ করে আসিফ আকবর বলেন,
“অরবিট ক্রিকেট ইনস্টিটিউট বাংলাদেশের হয়ে নেপালে খেলতে পেরে এবং চ্যাম্পিয়ন হতে পেরে আমি খুবই গর্বিত, আনন্দিত ও সম্মানিত। আমি অনেক খুশি। আমার পরিবারের সদস্যরাও অনেক খুশি। এই সিরিজটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে।” নেপাল সিরিজে ব্যাট হাতে ১০ বলে ১৫ রান করার পাশাপাশি বল হাতে ১ ওভারে ১৪ রান দিয়ে ১টি উইকেট শিকার করেন আসিফ।
ক্রিকেটে নিজের আদর্শ হিসেবে পাকিস্তানের তারকা অলরাউন্ডার শোয়েব মালিককে অনুসরণ করেন তিনি। আদর্শ ক্রিকেটারের কাছ থেকে অনুপ্রেরণা নিয়ে নিজের খেলাকে আরও পরিণত করতে চান এই তরুণ। তবে নেপালের এই সাফল্যকে কেবল শুরু হিসেবেই দেখছেন আসিফ। তার স্বপ্ন দেশের সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলা। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, “ক্রিকেট নিয়ে আমার পরিকল্পনা অনেক বড়। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে জাতীয় দলের হয়ে খেলা, আমারও একই স্বপ্ন আছে। আল্লাহ তায়ালার ওপর ভরসা আছে। তিনি চাইলে একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াব, ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন।” নেপাল সফরে সুযোগ পাওয়ার পেছনে অরবিট ক্রিকেট ইনস্টিটিউটের কর্ণধার মেহেদী হাসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আসিফ।
তিনি বলেন, “পরিশেষে ধন্যবাদ জানাই অরবিট ক্রিকেট ইনস্টিটিউটের কর্ণধার মেহেদী হাসান ভাইকে। তিনি আমাকে এই সিরিজে সুযোগ করে দিয়েছেন। তিনি সুযোগ না দিলে এত কিছু অর্জন করা সম্ভব হতো না। মেহেদী ভাইয়ের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব।” চারঘাটের মাটিতে বেড়ে ওঠা এই তরুণ ক্রিকেটারের স্বপ্ন এখন আরও বড়। কঠোর পরিশ্রম, নিয়মিত অনুশীলন ও নিজের পারফরম্যান্সকে আরও উন্নত করে সামনে এগিয়ে যেতে চান তিনি। আসিফের ভাষায়, “আমি ক্রিকেট নিয়ে আরও এগিয়ে যেতে চাই। ক্রিকেট নিয়ে কাজ করতে চাই। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের গন্তব্যে পৌঁছাতে চাই।” নেপালের মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য তাই আসিফ আকবরের জন্য শুধু একটি ট্রফি অর্জন নয়; বরং বড় স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নতুন প্রেরণা। চারঘাটের এই তরুণ অলরাউন্ডারের চোখ এখন ভবিষ্যতের আরও বড় মঞ্চে।