বাগেরহাটের মোরেলগঞ্জে জমির বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী এলাকায় এই বিক্ষোভ প্রদর্শিত হয়। বিক্ষোভ শেষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করে জানান, বানিয়াখালী গ্রামের কৃষক আইয়ুব আলী খান ও তার ভাই আবু হানিফ খানের ৩ বিঘা ফসলি জমি দীর্ঘ ৩০ বছর ধরে একই গ্রামের প্রভাবশালী রুস্তুম খান দখলে রেখেছিলেন। পরবর্তীতে স্থানীয় শালিস বৈঠকের মাধ্যমে কৃষক আইয়ুব আলী খানের উক্ত জমি পরিমাপ করে তাঁর নিকট দখল বুঝিয়ে দেওয়া হয়।
কিন্তু প্রভাবশালী রুস্তুম আলী খান শালিস বৈঠকের সিদ্ধান্ত অমান্য করে ওই জমির কিছু অংশে পুনরায় ধানবীজ রোপণ করেন। এতে বাধা দিলে গত ৮ সেপ্টেম্বর সকালে রুস্তুম আলী খান ও তাঁর ছেলেরা এসে কৃষক আইয়ুব আলীকে মারধর করেন এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে অশালীন গালিগালাজ করেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশাররফ হোসেন, ভুক্তভোগী কৃষক আইয়ুব আলী খান, আবু হানিফ খান, স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন হাওলাদার, মতিয়ার রহমান আকন ও আলী হোসেন হাওলাদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রুস্তুম আলী খানের বিতর্কিত কর্মকাণ্ড এলাকার শান্তিপ্রিয় মানুষকে অতিষ্ঠ করে তুলছে। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে সে সাধারণ মানুষকে হয়রানি করেছে। বক্তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। অভিযোগের বিষয়ে রুস্তুম আলী খানের ছেলে হাকিম খান জানান, জমি পরিমাপ না করেই তাঁদের জমিতে জোরপূর্বক ধান রোপণ করা হচ্ছিল। কাউকে মারধর করা হয়নি বলে তিনি দাবি করেন।