চলনবিলে অবৈধ জালে মাছ শিকারের মহোৎসব

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:১৩ পিএম
চলনবিলে অবৈধ জালে মাছ শিকারের মহোৎসব

পাবনার চাটমোহরসহ চলনবিল অঞ্চলে অবৈধভাবে পাঁতা হয়েছে শত শত চায়না দুয়ারি জাল। একইসাথে ব্যবহার করা হচ্ছে কারেন্ট ও বাদাই জাল। বিভিন্ন স্থানে স্থাপন করা হয়েছে অবৈধ সুঁতি জালও। নিধন করা হচ্ছে সকল প্রকালের দেশী মাছ। বিনষ্ট হচ্ছে জীববৈচিত্র্য। চায়না দুয়ারি জালে দেশি প্রজাতির মাছ ছেঁকে তোলা হচ্ছে। অপরদিকে পানি সরবরাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়ছে ফসলি জমি। পুরো চলনবিল এখন চায়না দুয়ারিসহ কারেন্ট ও বাদাই জালের দখলে। চলছে মাছ শিকারের মহোৎব। প্রশাসন ও মৎস্য বিভাগ বিভিন্ন সময় অভিযান পরিচালনা করলেও বন্ধ হচ্ছে না নিষিদ্ধ ও অবৈধ জালের ব্যবহার।  

চাটমোহর উপজেলার ডিকসি বিল,বিল কুড়ালিয়া,বগা বিল,খলিশাগাড়ি বিল,আফরার বিলসহ নিমাইচড়া,হান্ডিয়াল,ছাইকোলা,ডিবিগ্রাম,বিলচলন ইউনিয়নের বিভিন্ন বিল,জলাশয়ে খোঁজ নিয়ে জানা গেছে,প্রতিটি বিল,জলাশয়ে শত শত চায়না দুয়ারি জাল পেঁতে মাছ ধরা হচ্ছে। কারেন্ট ও বাদাই জালের মাছ শিকার চলছে অবাধে। এভাবে মাছ নিধন করায় দেশি মাছের উৎপাদন হুমকির মুখে পড়েছে। একইসাথে বিলের জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য বিনষ্ট হচ্ছে। কৃষকেরা অভিযোগ করেন,চায়না দুয়ারি জালের অবাধ ব্যবহারের কারণে বিভিন্ন বিলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। ক্ষতির মুখে পড়েছে ফসল। এ অঞ্চলে প্রতিদিন চায়না দুয়ারি জালের মাধ্যমে প্রচুর পরিমাণ দেশি প্রজাতির মাছ নিধন করা হচ্ছে। স্বল্প পানি থেকে শুরু করে গভীর পানিতেও পেঁতে রাখা হচ্ছে এই জাল। ফলে মাছ শুন্য হয়ে পড়ছে চাটমোহরসহ চলনবিল অঞ্চল। এদিকে বিভিন্ন স্থানে স্থাপন করা হচ্ছে সুঁতি জাল।   চলনবিলের দেশি মাছ ও জীব বেচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন ‘চলনবিল রক্ষায় আমরা’ এর সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলম মধু।

এ ব্যাপারে চাটমোহরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন বললন,“ইতোমধ্যে আমরা কয়েক দফা মোবাইল কোর্ট পরিচালনা করেছি। মৎস্য সুরক্ষা ও সংরক্সণ আইনে বিভিন্ন বিল ও জলাশয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্ট পরিচালনা করেছেন,প্রচুর চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পোড়ানো হয়েছে। সুঁতি জালের বিরুদ্ধে অভিযান চালানো হবে। এ বিষয়ে তিনি জগণকে সচেতন হওয়ার আহবান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে