ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:০৪ পিএম
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত রোগটিতে মোট প্রাণহানি ১৭১ জনে দাঁড়াল।  এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ ১ হাজার ৭৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু-বিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত একদিনে শুধু খুলনা বিভাগেই ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এসময়ে চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে একজন করে ডেঙ্গুতে মোট ৪ জনের প্রাণহানি হয়েছে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (৩৯৪ জন) ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩৪৯ জন ছাড়াও বরিশাল বিভাগে ১৮৬, চট্টগ্রাম বিভাগে ১৭৭, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭৫, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭৪, রাজশাহী বিভাগে ১৫৩, ময়মনসিংহ বিভাগে ৮৩, রংপুর বিভাগে ৫৩ ও সিলেট বিভাগে ডেঙ্গু নিয়ে ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে দেশে ডেঙ্গুতে ৩৬ জন মারা গেছেন। এর পরের মাস আগস্টে ৪৩ জন এবং চলতি সেপ্টেম্বরের ১৬ দিনেই ডেঙ্গুতে ৭৪ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ১৭১ জনের মৃত্যু হয়েছে।

এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ শুধু ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ৮০ জন মারা গেছেন। এছাড়া উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৩২ জন ছাড়াও ময়মনসিংহ বিভাগে ১৮, চট্টগ্রাম বিভাগে ১৬, বরিশাল বিভাগে ১৩, রাজশাহী বিভাগে ৮, রংপুর বিভাগে ৩ এবং সিলেট বিভাগে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে