রাষ্ট্রপতির সংবর্ধনা রয়কট করেছে সিলেট মহানগর বিএনপি

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; আলোকচিত্রী) | প্রকাশ: ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:২৯ পিএম
রাষ্ট্রপতির সংবর্ধনা রয়কট করেছে সিলেট মহানগর বিএনপি

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে সিলেট মহানগর বিএনপি। নাগরিক কমিটি গঠনের ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ না করা এবং আয়োজনের ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে দলটি এ কর্মসূচি বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

মহানগর বিএনপির নেতাদের অভিযোগ, নাগরিক সংবর্ধনার জন্য গঠিত ব্যবস্থাপনায় তাদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। এ নিয়ে গত কয়েক দিন ধরেই দলটির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নিষিদ্ধ নেতাদের কেউ কেউ সংবর্ধনা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন। বিপরীতে দলের অনেক ত্যাগী নেতা-কর্মী আমন্ত্রণ থেকে বাদ পড়েছেন।

মঙ্গলবার এক দিনের সফরে সিলেটে আসেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফরের মূল উদ্দেশ্য হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত।

রাষ্ট্রপতির সিলেট প্রবেশের সময় মহানগর বিএনপির নেতা-কর্মীরা নগরীর সাতটি পয়েন্টে অবস্থান নিয়ে তাঁকে স্বাগত জানান। পরে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এরপর হজরত শাহপরান (রহ.)-এর মাজারে যান।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় নগর ভবন প্রাঙ্গণে রাষ্ট্রপতির সম্মানে নাগরিক সংবর্ধনার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন। এতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে ওই অনুষ্ঠানে মহানগর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো নেতা-কর্মী অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির নেতারা।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর বিএনপির কোনো নেতা-কর্মী উপস্থিত থাকবেন না।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, নাগরিক কমিটি গঠনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় এবং আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিটি করপোরেশনের এই অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, শুধু মহানগর বিএনপিই নয়, জেলার অনেক নেতাও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন না। তবে সিটি করপোরেশনের প্রশাসকের আয়োজনের বাইরে রাষ্ট্রপতির অন্যান্য কর্মসূচিতে বিএনপির নেতারা উপস্থিত থাকবেন।

মহানগর বিএনপির নেতারা জানান, রাষ্ট্রপতির সিলেট সফরকে দলটি স্বাগত জানিয়েছে। এ কারণে তাঁকে অভ্যর্থনা জানাতে নগরীর বিভিন্ন স্থানে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। কিন্তু নাগরিক সংবর্ধনা আয়োজনের প্রক্রিয়া নিয়ে আপত্তি থাকায় ওই অনুষ্ঠান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটিই সিলেটে প্রথম সফর। এক দিনের সফরে তিনি দুটি মাজার জিয়ারতের পাশাপাশি সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে।


আপনার জেলার সংবাদ পড়তে