ময়মনসিংহে দক্ষিণ গফরগাঁওয়ে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী লোকজনদের শ্বাসরোধে এক যুবকের মৃত্যু হয়েছে। গত রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে দক্ষিণ গফরগাঁও উপজেলার বিরই গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানান স্থানীয়রা। নিহত মোজাম্মেল হোসেন (২৫) দত্তের বাজার ইউনিয়নের বিরই গ্রামের নদীরয়পাড় এলাকায় বাসিন্দা ছিলেন। তার বাবার নাম আজিম উদ্দিন। এসব তথ্য নিশ্চিত করে নিহতের চাচা ও পরিবার সূত্রে জানা যায়, একই গ্রামের প্রতিবেশী সাত্তার ও সোরহাবগংদের সঙ্গে দীর্ঘদিন যাবত তাদের জমি-জমার বিরোধ নিয়ে মামলা চলে আসছিল।
পূর্ব বিরোধের জেরে রোববার দিবাগত রাতে মোজাম্মেল হোসেনকে নিজ বসত ঘরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পরিবারে অভিযোগ।
নিহতের চাচা হালিম উদ্দিন অভিযোগ করে আরো বলেন, এর আগে গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় আমার ভাই, নিহত মোজ্জাম্মেল হোসেনের বাবা আজিম উদ্দিনকে বিরই তালুকদার বাড়ির সংলগ্ন এলাকায় পথ আটকে প্রতিবেশী সাত্তার গংরা এলোপাথারি কুপিয়ে জখম করে। এই ঘটনায় রোববার পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এসবের জের ধরে এ হত্যা ঘটনা ঘটেছে বলে ধারণা স্থানীয়দের। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।