সহকারী কমিশনার ভূমি'র সই জাল করে মিউটিশন জালিয়াতি, আটক ১

এফএনএস (কুয়াকাটা, পটুয়াখালী) : | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:১০ পিএম
সহকারী কমিশনার ভূমি'র সই জাল করে মিউটিশন জালিয়াতি, আটক ১

পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের সই -স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতির দায়ে কেএম প্রিন্স (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।  তিনি দলিল লেখকের সহাকারী হিসেবে কাজ করেন। রবিবার দুপুরে ম্যাকটেন হোল্ডিং লিমিটেড নামের একটি কোম্পানীর উপ ব্যবস্থাপনা পরিচালক শাম্মী আক্তারের মৌখিক অভিযোগে উপজেলা ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়। প্রিন্স পৌর শহরের এতিমখানা এলাকার বাসিন্দা।

শাম্মী আক্তারের অভিযোগ, প্রায় তিন মাস আগে তিনি প্রিন্সের কাছে ৫৬ নং জেএল খাজুরা মৌজার ৭ টি দলিলের মিউটিশন করার কাগজপত্র জমা দেন। পরে প্রিন্স দুইটি দলিলের মিউটিশেন করার কাগজপত্র শাম্মীর কাছে জমা দিলে সে কিউআর কোড সার্চ দিয়ে দেখতে পান মিউটিশন দুটি ভুয়া। এছাড়া ওই মিউটিশনে এ্যাসিল্যান্ডের স্বাক্ষরের স্ক্যান কপি বসানো। এরপরে আজ রবিবার দুপুরে এ্যাসিল্যান্ড অফিসে উপস্থিত হয়ে তিনি থানা পুলিশে মৌখিক অভিযোগ করেন এবং প্রিন্সকে হাতেনাতে ধরিয়ে দেন। 

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, এভাবে জালিয়াতি চক্রের প্রতারনার কারনে কুয়াকাটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। তার কাছে অন্তত ২৭ টি জালিয়াতি ধরা পড়েছে। এসব জালিয়াতির বিরুদ্ধে তিনি আইনী ব্যবস্থান নিচ্ছেন। এধরনের জালিয়াতি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ৪ ও ৫ ধারায় দণ্ডনীয় অপরাধ। কলাপাড়া থানার ওসি মো নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে