রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৫:৪২ পিএম
রাজশাহীতে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ ও সরকারবিরোধী প্রচারণার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর থানার সুলতানপুর গ্রামের মৃত দেবেন্দ্রনাথ সরকারের ছেলে ও নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), মান্দা থানার তুরুকবাড়িয়া (মন্ডলপাড়া) গ্রামের মৃত শমসের আলীর ছেলে ও নওগাঁ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. সাদেকুল ইসলাম (৪০) এবং আত্রাই থানার সাহেবগঞ্জ গ্রামের মৃত মেহের আলী চৌধুরীর ছেলে ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাদল (৬৫)। পুলিশ জানায়, গতরাতে গোপন সূত্রে খবর পাওয়া যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী বোয়ালিয়া থানা এলাকায় অবস্থান করে সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, সরকারবিরোধী প্রচারণা এবং এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিচ্ছেন। খবর পেয়ে আরএমপির একটি দল দ্রুত ওই এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার তিনজনই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা। তাঁরা রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একত্রিত করে গোপন বৈঠক করতেন। পাশাপাশি সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও তাঁরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের আয়োজন, আওয়ামী লীগের পক্ষে পোস্টার লাগানো এবং এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দেওয়ার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে প্রাথমিকভাবে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়া, সরকারবিরোধী কর্মকাণ্ডে লোকজনকে উদ্বুদ্ধ করা এবং বিভিন্নভাবে এসব কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় দণ্ডবিধি আইনে একটি মামলা রয়েছে। গোলাম মোস্তফা চৌধুরীর বিরুদ্ধে নওগাঁর আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি, দণ্ডবিধি আইনে তিনটি এবং ঢাকা মহানগরের পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে