বরিশালের মেহেন্দীগঞ্জে কবির বেপারী নামের এক কৃষককে হাত-পায়ের রগ ও গলা কেটে হত্যা করেছে বোরকা পরা একদল দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে উপজেলার কাজীরহাট থানার ভাসানচর ইউনিয়নের গাজীরহাট এলাকায়। ওইদিন রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন থানার ওসি মো. সিদ্দিকুর রহমান।
নিহত কৃষক কবির বেপারী (৫৫) মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের দক্ষিণ বাহাদুরপুর গ্রামের হাসমত আলী বেপারীর ছেলে। স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকেলে বাড়ি থেকে ইজিবাইকযোগে গাজীরহাট বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন কবির বেপারী। বাজারের কাছাকাছি পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা বোরকা পরা একদল দুর্বৃত্তরা ইজিবাইকের গতিরোধ করে। এরপর তাকে (কবির) টেনে হিঁচড়ে নামিয়ে মারধর করা হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে কবিরকে জখম করে তার হাত-পায়ের রগ কেটে দেয়। পরে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে মরদেহ পাশের একটি ডোবায় ফেলে পালিয়ে যায়। কিছু সময় পর পথচারীরা রক্তাক্ত অবস্থায় মরদেহ পরে থাকতে দেখে নিহতের স্বজন ও পুলিশকে খবর দেন।
কাজীরচর ইউনিয়ন পরিষদের সদস্য আবু হানিফ সরদার নিহতের স্বজনদের বরাত দিয়ে বলেন, পূর্ববিরোধের জের ধরে বোরকা পরে একদল দুর্বৃত্তরা কবির বেপারীর ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। হামলার পর দুর্বৃত্তরা ঘটনাস্থলে বোরকা ফেলে রেখে যায়। ওসি মো. সিদ্দিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হত্যাকান্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।