বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

নিজস্ব প্রতিবেদন | প্রকাশ: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩২ এএম
বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিহত ৪

বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কক্সবাজারের ঈদগাহ এলাকার বাসিন্দা নিয়াজ মোর্শেদ (২২), তাঁর ছোট বোন মিমতাহ (১৭), তাদের মামা মো. ফেরদৌস আলম (৫৫) এবং মাইক্রোবাসের চালক মো. মুন্না।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে মিমতাহর বড় বোনের বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে পরিবারের কয়েকজন সদস্য ও আত্মীয়স্বজন একটি মাইক্রোবাসে করে কক্সবাজারের ঈদগাহ এলাকায় ফিরছিলেন। পথে শিকলবাহা এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হন তারা।

পুলিশ জানায়, শিকলবাহা চৌমুহনী এলাকায় একটি কাভার্ড ভ্যান ইউটার্ন নেওয়ার সময় মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ফেরদৌস আলম ও মিমতাহ নিহত হন।

পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মুন্নাও রয়েছেন। দুর্ঘটনায় আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালান। পরে আহত ও নিহতদের হাসপাতালে পাঠানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে