বিয়ের দাবিতে কিশোরীর অনশন, দুই দিনেও মেলেনি সুরাহা

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪১ পিএম
বিয়ের দাবিতে কিশোরীর অনশন, দুই দিনেও মেলেনি সুরাহা

বিয়ের দাবিতে দিনাজপুরের হাকিমপুরে (হিলি) প্রেমিকের বাড়ির সামনে অনশন করছেন আয়েশা সিদ্দিকা (১৮) নামে এক তরুণী। দুই দিন ধরে অনশন করলেও এখন পর্যন্ত বিষয়টির কোনো সুরাহা হয়নি। এদিকে তাকে বিয়ে না দিয়ে টাকা দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা এবং প্রেমিককে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা।

অনশনরত আয়েশা সিদ্দিকা হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে। তিনি জানান, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার সময় একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের ইব্রাহীম সরকারের ছেলে ইমন হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর ধরে তাদের সম্পর্ক চলার একপর্যায়ে ইমন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ আয়েশার।

আয়েশার দাবি, সম্পর্কের শুরু থেকেই ইমন তাকে বিয়ের আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু এখন বিয়ের কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। এ কারণে গত বৃহস্পতিবার দুপুরে ইমনের বাড়িতে গিয়ে বিয়ের দাবি জানান তিনি। তার অভিযোগ, এ সময় ইমনের মা তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। পরে বাধ্য হয়ে তিনি ওই বাড়ির সামনেই অনশন শুরু করেন।

আয়েশা আরও অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা আশরাফ ও মনসুর ইমনের পরিবারের পক্ষ নিয়ে তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। এমনকি তার পরিবারকে টাকা দিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাবও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা আশরাফ বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি এ ধরনের কোনো কথা বলিনি এবং কাউকে কোনোভাবে সহযোগিতাও করিনি।”

ইমনের বাবা ইব্রাহীম সরকার বলেন, “আমার ছেলের সঙ্গে মেয়েটির এতদিনের সম্পর্কের বিষয়ে আমি কিছুই জানতাম না। আমাকে কেউ বিষয়টি জানায়নি। তবে মেয়েটি যেহেতু বাড়িতে এসেছে, স্থানীয়দের নিয়ে বৈঠকে বসে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা দেখা হবে।”

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে তারা শুনেছেন। বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক স্থাপনের পর এখন বিয়ে করতে অস্বীকৃতি জানানোয় মেয়েটি ছেলের বাড়ির সামনে অনশন করছেন। দ্রুত দুই পক্ষকে নিয়ে বসে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের দাবি জানান তারা। খট্রামাধবপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক আলী বলেন, “দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ে না করায় মেয়েটি বিয়ের দাবিতে অনশন করছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ছেলের পরিবারের পক্ষ থেকে তেমন গুরুত্ব না দেওয়ায় এখনো কোনো সুরাহা করা সম্ভব হয়নি। এলাকায় যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়েও আমরা নজর রাখছি।” দুই দিন ধরে অনশন চলায় ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বিষয়টির গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সমাধান করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে