পাকশী হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কা, ১ জন নিখোঁজ

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫১ পিএম
পাকশী হার্ডিঞ্জ ব্রিজে ট্রলারের ধাক্কা, ১ জন নিখোঁজ

পাবনার ঈশ্বরদীর পাকশী পদ্মা নদীতে ইঞ্জিনচালিত ট্রলার থেকে পড়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। এ ঘটনায় আরও দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ১৫ মিনিটের দিকে পাকশী হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারে ট্রলারের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা থেকে একটি দল ট্রলারে করে রাজশাহীতে পিকনিকে গিয়েছিল। পিকনিক শেষে তারা ট্রলারে করে শৈলকুপায় ফিরছিলেন। পথে পাকশী পদ্মা নদী এলাকায় হার্ডিঞ্জ ব্রিজের ৫ নম্বর পিলারের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা তিনজন নদীতে পড়ে যান।

পরে লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে মো. লিটন (৩৮) ও মো. ওয়াহাব (৪৫)-কে জীবিত উদ্ধার করেন। তবে মো. রকি (২২) এখনো নিখোঁজ রয়েছে। নিখোঁজ রকি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর এলাকার মৃত হাসান আলীর ছেলে। লিটন একই এলাকার বিদ্যুতের ছেলে। আর ওয়াহাব কুষ্টিয়া সদর উপজেলার আরুয়াপাড়া এলাকার বাসিন্দা।

লক্ষ্ণীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদীতে ট্রলার থেকে পড়ে তিনজন নিখোঁজ হয়েছিলেন। নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেছেন। একজন এখনো নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে