বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আগামী নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মেয়র প্রার্থী হিসেবে এম আনোয়ার হোসেন সিকদারের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এনসিপির বরিশাল মহানগর কমিটির সদস্য সচিব। বরিশাল নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গত ৯ সেপ্টেম্বর দিবাগত রাতে দলের সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় এনসিপির আহবায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি আনোয়ার সিকদারের নাম ঘোষণা করেছেন। এ সময় নাহিদ ইসলাম এমপি আনোয়ার হোসেনের হাত উঁচু করে স্থানীয় নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন। পরে তিনি বলেন, আনোয়ার হোসেনকে বরিশাল নগর থেকে চাঁদাবাজি, দখলদারী নির্মূলসহ জনগণের পক্ষে গ্যাস, বিদ্যুতের আন্দোলনের নেতৃত্ব দিতে হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেন সিকদার ১৯৮৯-৯০ সালের দিকে ছাত্রশিবিরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরে তিনি বিদেশে চলে যান এবং দীর্ঘদিন সিঙ্গাপুরে অবস্থান করেন। সরকার পতনের পর দেশে ফিরে এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয় সম্পর্কে আনোয়ার হোসেন জানান, তার জন্ম বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়ার দেউলি গ্রামে। গারুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং কলসকাঠি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন তিনি।
আনোয়ার হোসেন বলেন, তিনি মূলত একজন প্রবাসী এবং সিঙ্গাপুরে তার ব্যবসা রয়েছে। বরিশাল নগরীর ২৪ নম্বর ওয়ার্ড ও রূপাতলী হাউজিং এলাকায় তার বাসা রয়েছে। রাজনীতিতে নিজের সম্পৃক্ততার বিষয়ে আনোয়ার হোসেন বলেন, নব্বইয়ের দশকে তিনি বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসহ বিভিন্নস্থানে ছাত্রশিবিরের দায়িত্বশীল পদে ছিলেন। অপরদিকে এনসিপির প্রার্থী ঘোষণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কোথায় চাঁদাবাজি হয়? তারা কি প্রমাণ দেখাতে পারবে? কেবল স্ট্যান্ডবাজি করে বেড়াচ্ছে এনসিপি। তারা যাকে প্রার্থী দিয়েছে, তাকে জনগণ কতোটা চেনে, সেটিও দেখার বিষয়।