মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপ গাড়ি জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগান এলাকার বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—শাহ আলম (৩৮), খোশবাস, শ্রীমঙ্গল; সালাউদ্দিন (২৯) বিলেরপাড়, কুলাউড়া; এবং মো. আলী হোসেন (৩৯), শংকরসেনা (শিববাড়ী), শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার ও একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের পাজেরো জিপ গাড়িটি জব্দ করা হয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।