ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার ইচলাদী টোল ঘরের মধ্যবর্তীস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে।
স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর দুইটার দিকে কুয়াকাটা থেকে বেনাপোলগামী যাত্রীবাহী সেভেন ডিলাক্স নামের পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৪৩১৪) সাথে বরিশালগামী লাশবাহী অ্যাম্বুলেন্সের (ঢাকা মেট্রো-শ-১৩-০১৮৬) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মহাসড়ক পারাপাররত অজ্ঞাতনামা নারী (৩৫) পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে উজিরপুর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর লাশ উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, দূর্ঘটনা কবলিত উভয়যান আটক করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।